আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি
রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।
এর আগে বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠাণ্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন।
সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে আবার এসি চালু করা হয়। এ ঘটনায় কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের এনআইসিইউতে নিতে বলা হয়। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।