দেশে পৌঁছেছে ইরাকে নিহত প্রবাসী শ্রাবণের মরদেহ
ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবণের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ শুক্রবার (২৯ মে) সকালে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
ভোর ৫টা ১৫ মিনিটে শ্রাবণের মরদেহ বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেখানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহটি গ্রহণ করেন। এ সময় নিহতের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রতিমন্ত্রী।
নিহত মোহাম্মদ শ্রাবণ মুন্সীগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার সন্তান। জীবিকার সন্ধানে ১০ বছর আগে তিনি ইরাকের বাগদাদে পাড়ি জমিয়েছিলেন।
সম্প্রতি বাগদাদে এক মিসাইল হামলায় তিনি প্রাণ হারান। বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি রওনা হয়।
২৯ ঘণ্টার ট্রানজিট শেষে ২৯ মে ভোর ৫টা ১৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে মরদেহটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।