পবিত্র ঈদুল আজহার পরদিন শুক্রবার (২৯ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সবজির সরবরাহ একেবারেই কম। বেশির ভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রাখায় বাজারে সবজির পরিমাণ কম ছিল। এর প্রভাব পড়েছে দামে। ঈদের আগের তুলনায় অনেক সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
শুক্রবার (২৯ মে) রাজধানীর রামপুরা, মালিবাগ, খিলগাঁও, বনশ্রী এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। মহল্লার ব্যবসায়ীরা জানিয়েছেন, আড়তেও সবজির সরবরাহ কম এবং দাম বেশি।
তারা বলছেন, ঢাকায় শুক্রবার সব থেকে বেশি সবজি বিক্রি হয়। কিন্তু ঈদের পরের দিন হওয়ায় আজ আড়তে খুব কম মাল এসেছে। আড়তের সব ব্যবসায়ীও নেই। মাল কম আসায় পাইকারিতে বিভিন্ন সবজির দাম অনেক বেড়ে গেছে। তাই খুচরাতেও দাম বাড়তি।
বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকা, যা ঈদের আগে ছিল ৮০ থেকে ৯০ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা, যা ঈদের আগে ছিল ৬০ থেকে ৭০ টাকা।