ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
পবিত্র ঈদুল আজহার আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে সকলকে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ঈদুল আজহা উপলক্ষে আজ এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ‘আসুন বিভেদ নয়—ঐক্য, হিংসা নয়—সহমর্মিতা, স্বার্থপরতা নয়—ন্যায়পরায়ণতা, বৈষম্য নয়—সাম্য; ঈদুল আজহার এই মহান আদর্শ ও মূল্যবোধ হৃদয়ে ধারণ করি।’
আজ ঈদের দিন সকালে বঙ্গভবনে ধারণকৃত এই ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী এবং বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। ঈদুল আজহা মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান।