তদন্ত প্রতিবেদনের পর আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ছয় শিশু মৃত্যুর ঘটনা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় নরসিংদীর মনোহরদী উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন মন্ত্রী। নামাজ শেষে এ কথা বলেন তিনি।
নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। এক মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, যা অত্যন্ত বেদনাদায়ক। আমি অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় মর্মান্তিক এই খবরটি পাই। পরে সঙ্গে সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।’