জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজধানীতে প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মতনির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—“সবার আগে বাংলাদেশ।” আমরা বিশ্বাস করি, “আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।” এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রত্যেক নাগরিককে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
মন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদ্যাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।