রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নবজাতকগুলোর বয়স মাত্র এক থেকে তিন দিন ছিল বলে জানা গেছে।
আজ বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত শিশুদের বয়স মাত্র এক থেকে তিন দিনের মধ্যে হওয়ায় তাদের নামকরণ হয়নি। তাই মায়েদের নামেই তাদের শনাক্ত করা হচ্ছে। মারা যাওয়া শিশুদের মায়েদের মধ্যে রয়েছেন নাজমা। তার যমজ দুই বাচ্চাই মারা গেছে। এ ছাড়া ফাহিমা, মিম, ফারিয়া ও জান্নাতের একজন করে শিশু মারা গেছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম জানান, হাসপাতালের ওই নির্দিষ্ট ওয়ার্ডটিতে এক থেকে তিন দিনের নবজাতকদের রাখা হতো। সেখানে মোট ছয়টি শিশু মারা গেছে। প্রথম শিশুটির মৃত্যু হয় সকাল আনুমানিক ৬টার দিকে। এরপর সকাল সাড়ে ৯টার মধ্যে একে একে আরও পাঁচটি শিশু প্রাণ হারায়।