ভুয়া ছবি ও ভিডিও শনাক্তে নতুন এআই টুল আনল ওপেনএআই
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি জনপ্রিয় হওয়ার পাশাপাশি এর অপব্যবহারও বাড়ছে। সম্প্রতি এ প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করা হচ্ছে, যা ‘ডিপ ফেক’ নামে পরিচিত। আর তাই নিজেদের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি সব ছবিতে অদৃশ্য ওয়াটারমার্ক যুক্তের পাশাপাশি ভুয়া ছবি দ্রুত শনাক্তের জন্য নতুন এআই টুল উন্মুক্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। টুলটি ওপেনএআইয়ের বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি ছবিতে থাকা অদৃশ্য ওয়াটারমার্ক সহজেই শনাক্ত করে ব্যবহারকারীদের জানাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই জানতে পারবেন—কোনো ছবি ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে কি না।
ওপেনএআই জানিয়েছে, এখন থেকে তাদের এআই পণ্য দিয়ে তৈরি সব ছবিতে গুগলের ‘সিন্থআইডি’ নামের অদৃশ্য ওয়াটারমার্ক প্রযুক্তি যুক্ত করা হবে। একই সঙ্গে চালু করা হয়েছে একটি যাচাই টুল, যা ছবির ভেতরে থাকা নির্দিষ্ট সংকেত বিশ্লেষণ করে এর উৎস সম্পর্কে ধারণা দেবে। নতুন এই টুল মূলত দুটি প্রযুক্তির সহায়তায় কাজ করবে। এর একটি হলো গুগলের তৈরি ‘সিন্থআইডি’। অন্যটি ‘সি-টু-পি-এ’ নামের একটি উন্মুক্ত মানদণ্ড। সি-টু-পি-এ প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবির মেটাডেটায় বিশেষ তথ্য যুক্ত করে, যা থেকে ছবিটির উৎস শনাক্ত করা সম্ভব হয়। তবে আপাতত টুলটি শুধু চ্যাটজিপিটি, ওপেনএআই এপিআই এবং কোডেক্স ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করতে পারে।