ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্কে জায়গা পেতে পারে মাস্কের স্টারলিংক
ইউরোপে মোবাইল স্যাটেলাইট তরঙ্গ ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছে ইলন মাস্কের স্টারলিংক এবং অ্যামাজনের স্যাটেলাইট ব্যবসা। আগামী বছর নতুন করে এই তরঙ্গ বরাদ্দ দেওয়া হবে। আর সেখানেই অংশ নেওয়ার সুযোগ পেতে পারে এই দুই জায়ান্ট প্রতিষ্ঠান। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
তবে পরিকল্পনা অনুযায়ী, দুর্গম অঞ্চলেও মোবাইল ফোন ও যানবাহনে নিরবচ্ছিন্ন যোগাযোগ বজায় রাখতে এই তরঙ্গের দুই-তৃতীয়াংশ ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সংরক্ষিত রাখা হবে।
ইতোমধ্যে আমেরিকার দুটি প্রতিষ্ঠান ভায়াস্যাট এবং ইকোস্টার এই তরঙ্গ ব্যবহারের অনুমতি পেয়েছে। ২০২৭ সালের মে মাসে তাদের এই অনুমোদনের মেয়াদ শেষ হবে। এরপর নতুন করে কীভাবে এই তরঙ্গ বণ্টন করা হবে, তা নিয়েই এখন কাজ করছে ইউরোপীয় কমিশন।
একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভরতা কমানোর দিকেও জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এর অংশ হিসেবে ইউরোপের নিজস্ব স্যাটেলাইট জোট ‘আইরিস–টু’ প্রকল্পকেও তরঙ্গ বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্যাটেলাইট ইন্টারনেট