‘কাল ঈদ, কিন্তু আমরা আছি হাসপাতালে’- হাম আক্রান্ত শিশুর স্বজন
‘কাল ঈদ কিন্তু আমাদের পরিবারে কোনো আয়োজন নেই। ছেলেকে নিয়ে গত কয়েক দিন ধরে হাসপাতালে আছি। এখন হাঁপিয়ে উঠছি, আল্লাহর রহমত ছাড়া ছেলেকে নিয়ে বাড়ি ফেরা সম্ভব নয়।’
কথাগুলো বলছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন একটি শিশুর স্বজন রায়েবা আক্তার। শুধু এই শিশুর পরিবারই নয়, দেশজুড়ে হাম আক্রান্ত অনেক শিশুর পরিবারের দিন কাটছে একই রকম উদ্বেগ-উৎকণ্ঠায়। এসব পরিবারের নেই ঈদের আনন্দ।
এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে তিন দিনে ৫ শিশুর মৃত্যু হলো। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। তবে টিকার কার্যকারিতা শুরু হওয়ায় আক্রান্তের সংখ্যা কমে আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ বুধবার সকালে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টায় দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার। এর আগে গত সোমবার ও গত মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে তিন শিশুর মৃত্যুর বিষয়টি জানানো হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- হাসপাতালে ভর্তি
- হাম রোগ