এলিট বাহিনীকে যে কারণে মূল বাহিনীর সম্পূরক হতে হবে

প্রথম আলো আলী ইমাম মজুমদার প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১২:১৯

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বিলুপ্তি নিয়ে দীর্ঘদিন একটি আলোচনা চলছে। গুম, বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনায় র‍্যাব বিলুপ্তির একটি সাধারণ দাবি ওঠে। দাবিটি দেশের ভেতরে—এমনকি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন থেকেও এই দাবি আসছিল। বর্তমানে ক্ষমতায় থাকা বিএনপিও একসময় এই দাবি তুলেছিল। 


সম্প্রতি র‍্যাব সদর দপ্তরে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানবাধিকার সমুন্নত রেখে র‍্যাব কর্মকাণ্ড পরিচালনা করবে। তিনি আরও বলেছেন, নতুন একটি আইনের অধীনে বাহিনীটি এলিট ফোর্স হিসেবে থাকবে। বিগত রাজনৈতিক সরকারের সময়ে কিছু কর্মকর্তা গুরুতর অপরাধমূলক কাজের জন্য র‍্যাবসহ অনেক বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর মতে, এর দায়ভার পুরো বাহিনী নিতে পারে না।


তাঁর এই বক্তব্যে আলোচনায় আসে, দেশে নিকট অতীতে র‍্যাব ছাড়াও মানবাধিকার-পরিপন্থী কার্যক্রমের সঙ্গে পুলিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট থাকার বহু অভিযোগ রয়েছে।


দেশের দক্ষিণ–পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিচারবহির্ভূত ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনার কথাও দেশবাসী জানে। একটি ঘটনায় বিচারিক আদালতে তাঁর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আইনি লড়াই চলছে এখনো। সেটি কবে শেষ হবে, তা অনিশ্চিত।


একইভাবে র‍্যাবের একটি ব্যাটালিয়নের কিছু কর্মকর্তা নারায়ণগঞ্জে টাকার বিনিময়ে এক দিনে সাতজনকে উঠিয়ে নিয়ে হত্যার কাহিনিও অনেকেরই স্মৃতিতে থাকার কথা। এর বিচারকাজের সমাপ্তি কবে টানা হবে, সেটা ভাবনার বিষয়। প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থায় কাজ করা কিছু কর্মকর্তা গুমের অভিযোগে এখন আইসিটি ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি আছেন।


এসব পরিপ্রেক্ষিতে ধরে নিতে হয় অতীতে রাষ্ট্রক্ষমতার উঁচু পর্যায়ে থাকা ব্যক্তিদের ইচ্ছা কিংবা সদস্যদের ব্যক্তিগত স্বার্থে এ ধরনের বিভিন্ন সংস্থার সদস্যরা মানবতাবহির্ভূত অনেক কাজ করেছেন। তাঁদের বিচার দ্রুত সম্পন্ন করা সর্বজনীন দাবি। আর এসবের দায়ভার নিয়ে শুধু র‍্যাবকে বিলুপ্ত করা যৌক্তিক সমাধান নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করছি না।


আলোচনাকালে স্বরাষ্ট্রমন্ত্রী এটাও উল্লেখ করেছেন যে একটি যথোপযুক্ত আইনি কাঠামোয় র‍্যাব কিংবা যেকোনো নামে একটি এলিট ফোর্স থাকবে। এ বিষয়েও বিভিন্ন সময়ে আমি উল্লেখ করেছি, শুধু হাল আমলের পুলিশ বাহিনী দিয়ে আইনশৃঙ্খলা রক্ষার নিশ্চয়তা বিধান করা যাবে না।


এ ছাড়া পুলিশের ওপর জুলাই গণ-অভ্যুত্থানের সময় একটি ঝড় গেছে, এটাও উপলব্ধি করতে হবে। তবে এত দিনে তাদের সেটা কাটিয়ে ওঠা সংগত ছিল। কিন্তু আমরা প্রায়ই দেখি, তারা আসামি ধরতে গিয়ে বা ধরে আনার সময় অপরাধীদের হামলার সম্মুখীন হয়। এতে আমরা স্বাভাবিকভাবে বিস্মিত ও বিচলিত হই। যারা আমাদের সুরক্ষা দেবে, তারাই যদি এ ধরনের আক্রমণের শিকার হয়, তাহলে সুবুদ্ধিসম্পন্ন কোনো লোক স্বস্তিবোধ করতে পারে না। মূলত এ বিবেচনাতেই ২০০৩-০৪ সালের দিকে র‍্যাব গঠিত হয়েছিল।


১৯৭৯ সালের আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশের আওতায় গঠিত বাহিনীটির সূচনা প্রশংসনীয় ছিল। এরা সম্পূর্ণ আইনি বিধান মোতাবেক শায়খ আবদুর রহমান এবং সিদ্দিকুল ইসলামসহ (বাংলা ভাই) একটি চরম উগ্রপন্থী দলের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে সক্ষম হয়েছিল। দণ্ডিত হন তাঁরা। তখনকার মতো ইতি ঘটে ওই সংগঠনের। বাহিনীটির গঠনকাঠামোতে আছে ভিন্নতা। সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের সমন্বয়ে এটা গঠিত। এদের রয়েছে একটি সুসংগঠিত ও নির্ভরযোগ্য গোয়েন্দা কার্যক্রম। ফলে এরা বড় ধরনের অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সফল হয়। তবে এ ধরনের সাফল্যের পাশাপাশি বিচারবহির্ভূত হত্যার একটি নেশায় তাদের পেয়ে বসে। ফলে বাহিনীটি চলে আসে চ্যালেঞ্জের মুখোমুখি। এত কিছু জেনেও সরকার বাহিনীটি বিলুপ্ত করছে না। একে নতুনভাবে ঢেলে সাজাতে চাইছে। অন্যান্য সংস্থার ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।


স্বরাষ্ট্রমন্ত্রী র‍্যাবের নতুন আইনি কাঠামো সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার কোনো রূপরেখা আমরা এখনো দেখিনি। তবে মানবাধিকার সমুন্নত রেখে এর কার্যক্রম পরিচালনার বার্তা আমাদের আশাবাদী করে। যে অধ্যাদেশবলে বাহিনীটি গঠিত, সেখানে রয়েছে তল্লাশি ও তদন্তকাজ পরিচালনার ক্ষমতা। তবে সরকার যে ধরনের অপরাধ তদন্ত করতে দেবে, সেগুলোই তারা করবে। অন্যদিকে আদালতের নির্দেশেও কয়েকটি তদন্তভার নেয়। এসব করতে তাদের ফৌজদারি কার্যবিধি অনুসরণের বিধান রাখা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও