শেষ দিনে বিদ্যালয়ে ট্রাক্টর নিয়ে হাজির শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পার্কিং লটে গত শুক্রবার দারুণ এক দৃশ্যের অবতারণা হয়েছিল। সেদিন একদল শিক্ষার্থী নানা আকারের ট্রাক্টর চালিয়ে একে একে স্কুলের পার্কিং লটে প্রবেশ করে। আগামী সপ্তাহে এই শিক্ষার্থীদের স্কুল সমাপনী অনুষ্ঠান। এর আগে শুক্রবার ছিল স্কুলে তাদের শেষ দিন।
এই শিক্ষার্থীদের একজন চেজ হারভেল। এদিন হারভেল তাদের পারিবারিক ট্রাক্টরটি চালিয়ে বিদ্যালয়ে আসে। এর আগে অসংখ্যবার সে এটি চালিয়েছে।
এদিন হারভেল এবং তার আরও বেশ কয়েকজন সহপাঠী তাদের সাধারণ গাড়ি বাদ দিয়ে ট্রাক্টর, এটিভি, গলফ কার্টসহ নানা ধরনের যানবাহনে করে বিদ্যালয়ে হাজির হয়।
‘ট্রাক্টর ডে’ উদ্যাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা এ কাজ করে। ১৯৮০-এর দশক থেকে মিশিগানের কার্লেটন শহরের ওই স্কুলে ট্রাক্টর ডে পালিত হয়ে আসছে। মিশিগানের রাজধানী ডেট্রয়েট থেকে শহরটি প্রায় ৫৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
শুক্রবার অধিকাংশ শিক্ষার্থী সকাল সাড়ে ৭টার মধ্যে স্কুলে পৌঁছে যায়, তারপর দিনব্যাপী উৎসব চলতে থাকে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল খেলা, সংগীত এবং স্থানীয় একটি রেস্তোরাঁ থেকে সরবরাহ করা মধ্যাহ্নভোজ।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র রীতিনীতি