গাজীপুর থেকে ঝুঁকি নিয়েই চলছে ট্রাক-পিকাপে ঈদযাত্রা
পরিবারের সঙ্গে কোরবানির ঈদ কাটাতে বাড়ি ফেরার পথে সোমবার ট্রাক উল্টে প্রাণ হারিয়েছেন ১৫ জন। কিন্তু তাতেও থামছে না ট্রাকে-পিকাপে করে ঈদযাত্রা।
মঙ্গলবারও গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই বাস না পেয়ে ট্রাকে করে নিজ নিজ ঝুঁকি নিয়ে গন্তব্যে রওয়ানা হচ্ছেন।
সড়ক নিরাপত্তা ও আইন অনুযায়ী মহাসড়কসহ সব ধরনের রাস্তায় ট্রাকে (পণ্যবাহী যানবাহন) যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও প্রশাসনের পক্ষে তা থামানো সম্ভব হচ্ছে না ।
মহাসড়কের নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সওগাত আলম জানান, সড়কে গাড়ির চাপ রয়েছে। তবুও সিট না পেয়ে অনেকেই ট্রাক-পিকাপে উঠছেন। আইন অমান্য করে এভাবে পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের নজরে আসলেই আমরা বাধা দিচ্ছি। তবুও ঠেকানো যাচ্ছে না।“
সরেজমিন গাজীপুরে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়ক, চন্দ্রাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, টাঙ্গাইল-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের প্রচণ্ড চাপ, থেমে থেমে যানজট হচ্ছে, যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে।