‘সন্তান আমার, রাষ্ট্রের নয়’—এমন হৃদয়স্পর্শী বাক্য লিখে চার বছরের কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে বৈধভাবে একটি শটগান বরাদ্দ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করা একটি আবেদনের কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আবেদনটি করেছেন বরগুনার আমতলী উপজেলার এক বাবা। তাঁর আবেদনপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা ও মানবিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া আবেদনটির আবেদনকারী মাসুদুল ইসলাম বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা। গত বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো তাঁর আবেদনে দেশে শিশুদের প্রতি বাড়তে থাকা সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আবেদনে মাসুদুল ইসলাম উল্লেখ করেন, কয়েক বছর ধরে শিশুদের প্রতি বর্বরতার চিত্র ও তা নিয়ে রাষ্ট্রের উদাসীনতা দেখে তিনি তাঁর সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে স্বাভাবিক জীবন পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। তিনি আরও লেখেন, ‘বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম—সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে তার নিরাপত্তা চেয়ে মহামান্যদের উপভোগ্য ক্ষমতার মহামূল্যবান সময় নষ্ট করে নিজেকে কলুষিত করব না।’