সৌরবিদ্যুতের মাধ্যমে দেশ সবুজ ও টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে: প্রধানমন্ত্রী
নবায়নযোগ সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বাংলাদেশ ভবিষ্যতে ‘একটি সবুজ ও টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’ বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে রোববার সকালে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আজকে আমরা এমন একটি উদ্যোগের উদ্বোধন করছি যা শুধু একটা বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগই নয় বরং এটা বাংলাদেশের টেকসই ভবিষ্যতের একটি প্রতীক। জাতীয় সংসদ ভবনে এক মেগাওয়াট রুফটপ সৌর বিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধনের মাধ্যমে আমার মনে হয় একটা বার্তা মনে হয় আমরা স্পষ্টভাবে দিতে পারব, সেটি হচ্ছে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”
এই উদ্যোগ নিয়ে তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদ ভবনের উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। প্রতিটি ছাদ, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি নাগরিক যদি পরিচ্ছন্ন জ্বালানি এই অভিযাত্রায় অংশ নেয় তবে বাংলাদেশ ইনশাল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেক উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে।”
তারেক রহমানের কথায়. “লুই কানের নকশায় নির্মিত এই জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক এবং আর সেই ভবনের ছাদে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি নেতৃত্বে কিংবা নীতিতে নয় বরং বাস্তব কর্মকাণ্ডে প্রতিফলিত হতে হবে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- সৌরবিদ্যুৎ
- তারেক রহমান