দুর্নীতি বাদ দিলে এনবিআর চরম অলস সংস্থা : ড. ওয়ারেসুল করিম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুর্নীতিগ্রস্ত, এটি পুরোনো কথা। দুর্নীতির কথা বাদ দেওয়া হলে এটি চরম অলস সংস্থা বলে মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম।
এই বিশ্লেষক বলেন, নতুন করের আওতা না বাড়িয়ে এনবিআর গরিবের থেকে নেয়ার পলিসিতেই বেশি জোর দিচ্ছে। তারা পারলে পুরোটাই পরোক্ষভাবে ভ্যাট দিয়ে আদায় করে নিতে চায়। এতে বস্তুতপক্ষে গরিবের ওপর থেকে বারবার ভ্যাট আদায় হচ্ছে।
রোববার (২৪ মে) ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জাতীয় বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আযাদ।