বেসরকারি খাতে আসছে বড় প্রণোদনা, মূল্যস্ফীতি নিয়ে শঙ্কা
ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি, খেলাপি ঋণের চাপ ও শিল্প খাতের স্থবিরতার মধ্যে বেসরকারি খাতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এই উদ্যোগের মাধ্যমে বন্ধ কারখানা চালু হবে, নতুন বিনিয়োগ বাড়বে এবং ২৫ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
তবে অর্থনীতিবিদ ও ব্যাংকারদের একাংশ সতর্ক করে বলছেন, সরবরাহ সংকট ও ব্যাংক খাতের দুর্বলতা কাটানো না গেলে এই প্রণোদনা উল্টো মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে।
গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, শিল্প খাতের অচলাবস্থা, আর্থিক খাতের দুর্বলতা এবং কর্মসংস্থানের সংকট মোকাবিলায় এই প্যাকেজ নেওয়া হয়েছে।
এই প্যাকেজের দুটি মূল অংশ রয়েছে। প্রথম অংশ হলো ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল। ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে কমপক্ষে তিন বছরের জন্য ১০ শতাংশ সুদে দীর্ঘমেয়াদি আমানত নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক সেই অর্থ ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন করবে এবং বাকি ৬ শতাংশ সরকার ভর্তুকি দেবে।
দ্বিতীয় অংশে রয়েছে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে গঠিত ১৯ হাজার কোটি টাকার তহবিল। এই অর্থ সরকারের গ্যারান্টিতে কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব উৎস থেকে দেওয়া হবে।
এই পরিকল্পনার আওতায় বড় ঋণগ্রহীতারা প্রায় ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। তবে পরিচালন ও প্রশাসনিক ব্যয়ের কারণে ছোট ঋণের সুদের হার কিছুটা বেশি হতে পারে। বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা পরে সার্কুলারের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।