২৭ বছরের খরা কাটিয়ে ফরাসি কাপ চ্যাম্পিয়ন লঁস
ম্যাচের আধা ঘণ্টার মধ্যেই দলকে এগিয়ে নিলেন ফ্লোহিয়াঁ তুভা। দ্বিতীয় গোলেও রাখলেন অবদান। ২০১৮ বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের চমৎকার পারফরম্যান্সে নিসকে হারিয়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস।
প্যারিসে শুক্রবার প্রতিযোগিতাটির ফাইনালে ৩-১ গোলে জেতে লঁস। ২৪তম মিনিটে তুভা দলটিকে এগিয়ে নেন। পরে ৪১তম তার কর্নার কিক থেকেই হেডে ব্যবধান দ্বিগুণ করেন ওদসন এদুয়া।
প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে একটি গোল শোধ করে লিস। পরে নির্ধারিত সময়ের ১২ মিনিট বাকি থাকতে বদলি নামা আব্দাল্লাহ সিমার গোলে কাঙ্ক্ষিত ঠিকানার দিকে আরও এগিয়ে যায় লঁস।
ওই গোল হতেই গ্যালারিতে থাকা লঁসের প্রায় ৫০ হাজার দর্শক বাঁধনহারা উল্লাসে মেতে ওঠে। ২৭ বছর পর মেজর কোনো ট্রফি জয় বলে কথা। সবশেষ ১৯৯৯ সালে লিগ কাপ জিতেছিল তারা।
শিরোপাটি জিতে অসাধারণ একটি মৌসুম শেষ করল লঁস। ১৯৯৮ সালে একমাত্র লিগ আঁ জেতা দলটি এবারের মৌসুমে রানার্স-আপ হয়েছে।
অন্যদিকে, নিসের সামনে এখন লিগ আঁ টিকে থাকার কঠিন লড়াই। শীর্ষ স্তরে নিজেদের টিকিয়ে রাখতে আগামী ২৬ ও ২৯ মে দুই লেগের প্লে-অফ ম্যাচে লিগ টু-এর দল সাঁত এতিয়েনের মুখোমুখি হবে তারা।