ঈদযাত্রায় ভোগাবে সারা দেশের মহাসড়কের ৯৪ পয়েন্ট
চলমান নির্মাণকাজ ও বৃষ্টিতে রাজধানীর ৪টি প্রধান প্রবেশ ও বের হওয়ার পথ ইতোমধ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। পরিবহন মালিক ও যাত্রীরা আশঙ্কা করছেন, ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা না হলে আসন্ন ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষ তীব্র যানজটে পড়তে পারেন।
একইসঙ্গে রাজধানী ঢাকায় কোরবানির পশুবাহী ট্রাক নির্বিঘ্নে প্রবেশ করলে ভোগান্তি আরও বাড়তে পারে।
দেশের সাতটি প্রধান জাতীয় মহাসড়কে হাইওয়ে পুলিশ ৯৪টি যানজটপ্রবণ ও ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করেছে। এর মধ্যে ঢাকার প্রবেশ ও বের হওয়ার ৪টি পয়েন্টও রয়েছে।
মাঠপর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতিবেদন ও আলোকচিত্রের ভিত্তিতে এই পয়েন্টগুলো চিহ্নিত করা হয়েছে।
সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলোর মধ্যে রয়েছে বাইপাইল, কাঞ্চন সেতুর সংযোগ সড়ক ও এশিয়ান হাইওয়ের কিছু অংশ, সাসেক প্রকল্পের আওতাধীন কাঁচপুর সেতুর কাছে যাত্রামোড়া এলাকা এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা।
পুলিশ সূত্র জানিয়েছে, সড়কের বেহাল অবস্থার বিষয়টি ১১ মে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে তুলে ধরা হয়। এছাড়া, পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়।
হাইওয়ে পুলিশ বলছে, ঢাকা-টাঙ্গাইল-রংপুর ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৫টি, ঢাকা-সিলেট মহাসড়কে ২১টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৮টি, ঢাকা-আরিচা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭টি করে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের ১টি ঝুঁকিপূর্ণ।