র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০ এর মধ্যে আনার লক্ষ্য ডুলির
সকালে ঢাকায় আসা টমাস ডুলি বিকালে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অতিথি হয়ে এলেন। বিজয়ীদের প্রশংসায় ভাসালেন। ফ্রেমবন্দী হলেন লাল-সবুজের পতাকা হাতে। জার্মান বংশোদ্ভূত এই কোচ নতুন দায়িত্ব নিয়ে বললেন, বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ে ১৬০-১৫০ এর মধ্যে আনাই তার প্রাথমিক লক্ষ্য।
হাভিয়ের কাবরেরার বিদায়ের পর, অনেক গুঞ্জন শেষে, শুক্রবার ডুলিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দুটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ এই কোচ কাজ করেছেন জার্মানির সাবেক কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের সঙ্গেও। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার থেকে কাজ শুরু করবেন ডুলি। আসছে ৫ জুন সান মারিনোর বিপক্ষের ম্যাচ দিয়ে বাংলাদেশের ডাগআউটে অভিষেক হবে ৬৫ বছর বয়সী এই কোচের।
৪৫ বছর ধরে ফুটবলের সঙ্গে থাকা ডুলির এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এশিয়ার দেশ ফিলিপিন্সের প্রধান কোচ ছিলেন। তার কোচিংয়ে ফিলিপিন্স অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করে।