অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখা হবে না : ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছেন, চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারি, অনলাইন জুয়া এবং প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত। ছিনতাই এবং যে কোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।
বুধবার (২০ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেসে’ তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার, ঢাকা মহানগরীতে প্রায় ৩ কোটি মানুষের বসবাস। এই নগরীতে ছিনতাই, মাদক, মাদকের বিস্তার, চাঁদাবাজ, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা, হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে গত ১ মে থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে।
তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম মূল অঙ্গীকার হচ্ছে আইনশৃঙ্খলার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা মহানগরীতে এই লক্ষ্য অর্জনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। সম্প্রতি সমাপ্ত আমাদের পুলিশ সপ্তাহ ২০২৬-এর স্লোগান ‘আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ আমাদের এই দর্শনকে প্রতিফলিত করে। আমরা জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।