এগুলো দেখে সময় নষ্ট করার সময় নাই
ঈদে তাঁর ৩০টির মতো নাটক প্রচারিত হবে। পুবাইলে শুটিং ইউনিট থেকে ঈদ নাটক ও ক্যারিয়ারের নানা প্রসঙ্গে প্রথম আলোর মুখোমুখি হলেন অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
আজ শুটিংয়ে সহশিল্পী কে?
জান্নাতুল সুমাইয়া হিমি: ব্যক্তিগতভাবে আমার পছন্দের এক অভিনেতাই আজ আমার সহশিল্পী, তিনি মোশাররফ করিম ভাইয়া।
প্রথম আলো :
সহশিল্পী হিসেবে মোশাররফ করিমকে কেন পছন্দ?
জান্নাতুল সুমাইয়া হিমি: (মোশাররফ করিম) ভাইয়ার সঙ্গে শুটিং থাকলে অনেক কিছুই শিখতে পারি। চরিত্রকে কীভাবে নিজের মধ্যে ধারণ করতে হয়, এটা ভাইয়ের কাছ থেকে শেখা। চরিত্রের সঙ্গে মিশে গেলে চিত্রনাট্যের বাইরেও অনেক কিছু গল্পে যুক্ত হয়। সংলাপসহ অনেক কিছুর ইম্প্রোভাইজেশন হয়, যেটা গল্পকে আরও ভালো করে।
শুনলাম, ঈদে আপনার অনেক নাটক প্রচারিত হবে। অনেকে বলছেন, সর্বোচ্চ নাটক আপনার!
জান্নাতুল সুমাইয়া হিমি: আমি তো জানি না (হাসি)। কাজ করে যাচ্ছি। ঈদের আগের রাত পর্যন্ত শুটিং। মনে হচ্ছে ৩০–এর কাছাকাছি সংখ্যা হতে পারে।
আলাদা করে কোন কোন নাটকের কথা বলবেন?
জান্নাতুল সুমাইয়া হিমি: এবার বাছবিচার করে নাম লেখানো হয়েছে। কারণ, এখন গল্প ভালো না লাগলে শুধু সংখ্যা বাড়াতে চাই না। ঈদ ও গরু ঘিরে প্রাসঙ্গিক একটি ইমোশনাল নাটক রয়েছে। তবে বিশেষ করে আমি ‘রুপার সংসার’, নাটকের কথা বলব। বেশির ভাগ রোমান্টিক বা কমেডি নাটকের ভিড়ে এই গল্প নারীদের হয়ে কথা বলে। নারী হয়ে যে চরিত্র আমি সব সময় করতে চেয়েছ;। নারীর বেঁচে থাকার গল্প, সংগ্রামের গল্প আমাকে টানে। কাজটি অনেক কঠিন ছিল।