নির্মল বায়ুর জন্য বাজেট আবশ্যক, কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ
বাংলাদেশের বাজেট আলোচনায় পরিবেশ খাত বহু বছর ধরেই তুলনামূলকভাবে কম আলোচিত একটি ক্ষেত্র। অথচ বাস্তবে এই খাতের গুরুত্ব অন্য অনেক খাতের চেয়ে কম নয়। কারণ, পরিবেশের অবনতি মানে কেবল গাছপালা বা নদী নষ্ট হওয়া নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্য, নগরজীবন, কৃষি উৎপাদন, শ্রমশক্তির সক্ষমতা এবং ভবিষ্যৎ প্রজন্মের বেঁচে থাকার প্রশ্ন।
২০২৬ সালের প্রেক্ষাপটে বাংলাদেশে পরিবেশ বাজেট তাই কেবল একটি আর্থিক হিসাব নয়, বরং নির্মল বায়ু, নিরাপদ বসবাস এবং জলবায়ু সহনশীলতার একটি বড় নীতিগত পরীক্ষা।
বর্তমানে বায়ু দূষণ এমন এক জটিল সংকটে পরিণত হয়েছে, যেখানে পরিবেশ, জনস্বাস্থ্য, নগরায়ন এবং অর্থনীতি সবকিছুই একই সুতোয় গাঁথা। বছরের বেশিরভাগ সময়ই ঢাকা শহর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থান করে লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) ২০২৫ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্সে ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম।
শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইন্সটিটিউটের (EPIC) ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু প্রায় ৫.৫ বছর কমে যাচ্ছে। শিশু ও বয়স্কদের শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ ও অকালমৃত্যুর ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (CREA)-এর তথ্যমতে, বাংলাদেশে প্রতি বছর বায়ু দূষণজনিত রোগে প্রায় ১,০২,৪৫৬ জন মানুষ মারা যাচ্ছে। বিশ্বব্যাংকের মতে, পরিবেশ দূষণজনিত কারণে বাংলাদেশের জিডিপির প্রায় ১৭.৬ শতাংশ ক্ষতি হচ্ছে। এই শহরের বাতাস আজ কেবল অস্বাস্থ্যকর নয়, রীতিমতো প্রাণঘাতী হয়ে দাঁড়িয়েছে।
বায়ু দূষণের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত কারণ, নগর পরিকল্পনায় ঘাটতি, আইনের দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, ভৌগোলিক কারণ এবং জনসংখ্যার ঘনত্ব অন্যতম। ক্যাপসের গবেষণা থেকে পাওয়া যায় যে রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণ কাজ থেকে ৩০ শতাংশ, ইটভাটা ও শিল্প কারখানা থেকে ২৯ শতাংশ, যানবাহন থেকে ১৫ শতাংশ, আন্তঃদেশীয় বায়ু দূষণ থেকে ৯.৫ শতাংশ, গৃহস্থালি ও বা রান্নার চুলার কাজের থেকে ৮.৫ শতাংশ এবং বর্জ্য পোড়ানো থেকে ৮ শতাংশ বায়ু দূষণ ঘটে। আবহাওয়াগত স্থবিরতা, সীমিত বায়ুপ্রবাহ এবং আশপাশের শিল্পাঞ্চল ও ইটভাটার নির্গমন মিলিয়ে ঢাকার আকাশ ধূসর কুয়াশায় ঢেকে যায়। শীতকালে বিশেষ করে বায়ুর মান মারাত্মকভাবে অবনতি ঘটে এবং বায়ু দূষণ জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা IQAir-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, শীতকালে ঢাকার গড় বায়ুমান সূচক (AQI) প্রায়ই ২০০-৩০০-এর উপরে অবস্থান করে, যেটি ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
অপরদিকে, ‘ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট-২০২৪’ প্রতিবেদনে দেখা গেছে, বায়ু দূষণে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয় এবং অতিক্ষুদ্র বস্তুকণার (পিএম২০) উপস্থিতি ছিল ৭৮ মাইক্রোগ্রাম/ঘনমিটার। বাংলাদেশে বায়ু দূষণের প্রধান হটস্পট হলো ঢাকা মেগাসিটি এবং এর পার্শ্ববর্তী শিল্পাঞ্চল যেমন সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ, যেখানে অনিয়ন্ত্রিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং ইটভাটার কারণে দূষণ চরমে পৌঁছায়।
এছাড়া চট্টগ্রাম ও সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প এবং স্টিল মিল এলাকাগুলোও বায়ু দূষণের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। বায়ু দূষণের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার জন্য। পরিবেশ বাজেটের গুরুত্ব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে বায়ু দূষণের বাস্তবতায়।
নির্মল বায়ু কেবল একটি আরামদায়ক বিষয় নয়; এটি মানুষের বেঁচে থাকার মৌলিক উপাদান। দূষিত বায়ুর কারণে শ্বাসযন্ত্রের রোগ, হাঁপানি, হৃদরোগ, ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা এবং অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি রোগে ভোগা মানুষ এ ঝুঁকির মুখে বেশি থাকে।
তাই পরিবেশ বাজেটে যদি বায়ুর মান পর্যবেক্ষণ, দূষণের উৎস নিয়ন্ত্রণ, ইটভাটা আধুনিকায়ন, যানবাহনের ধোঁয়া কমানো এবং শিল্পকারখানায় পরিশোধন প্রযুক্তি স্থাপনের মতো বিষয়গুলোর জন্য পর্যাপ্ত অর্থ না থাকে, তাহলে নির্মল বায়ুর লক্ষ্য অধরাই থেকে যাবে।
কয়েক বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বরাদ্দ ধাপে ধাপে কিছুটা বেড়েছে। তবে সেই বৃদ্ধির পরিমাণ বাস্তব সংকটের তুলনায় এখনো অপ্রতুল। ২০২৫-২৬ অর্থবছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জন্য ২,১৪৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়।
একই বাজেটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দও প্রস্তাব করা হয়। সংখ্যাটি প্রথম দেখায় ইতিবাচক মনে হলেও, দেশের বায়ু দূষণ, শিল্পদূষণ, বর্জ্য সমস্যা, বন উজাড়, নদীদূষণ এবং নগর তাপমাত্রা বৃদ্ধির সংকটের পরিধির সামনে এই অঙ্ক এখনো খুবই ছোট। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে শুধু ‘বায়ু দূষণ’-কে নির্দিষ্ট বা ফোকাস করে একক কোনো বাজেট বা আলাদা তহবিল ঘোষণা করা হয়নি।
বাংলাদেশের পরিবেশ বাজেটকে বোঝার জন্য কেবল একটি বছরের হিসাব যথেষ্ট নয়; কয়েক বছরের ধারাও দেখতে হয়। পরিবেশ খাতে বরাদ্দ বেড়েছে ঠিকই, কিন্তু সেই বৃদ্ধির সঙ্গে বাস্তব পরিস্থিতির উন্নতি তেমন চোখে পড়েনি। বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরে বায়ুর মান এখনো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
নির্মাণ কাজের ধুলা, পুরোনো যানবাহনের ধোঁয়া, ইটভাটার নির্গমন, শিল্পকারখানার ধোঁয়া এবং অপরিকল্পিত নগর ব্যবস্থাপনা মিলে পরিবেশকে প্রতিদিন আরও সংকটাপন্ন করে তুলছে। ফলে পরিবেশ বাজেটের আলোচনা শুধু অর্থের প্রশ্ন নয়; এটি আসলে রাষ্ট্রের সক্ষমতার প্রশ্ন।