ইংরেজি শিক্ষা বিস্তারে প্রতিবন্ধকতা কোথায়

কালের কণ্ঠ মাছুম বিল্লাহ প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:১২

উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন ডিগ্রি নেওয়া শিক্ষার্থীরা কি স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কিছু বলতে পারেন, লিখতে পারেন? ইংরেজিতে কিছু শুনে বুঝতে পারেন? ইংরেজিতে লেখা কোনো বিষয় থেকে মেসেজ গ্রহণ করতে পারেন? উত্তর সবারই জানা। বেশির ভাগের ক্ষেত্রেই এটি একটি বড় ‘না’।


দু-চারজন ব্যতিক্রমী শিক্ষার্থী ছাড়া কেউই পারেন না, যদিও উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়ে এসেছেন। এর সমাধান হিসেবে কেউ কেউ এমন সব পরামর্শ দিয়ে থাকেন, যেগুলোর বাস্তবায়ন সহজে সম্ভব নয়। যেমন অনেকেই বলেন, সব বিদ্যালয়ে ভাষা শেখানোর ল্যাব বানাতে হবে, ইংরেজিতে অনার্স ও মাস্টার্স পাস করা শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষকদের দীর্ঘ প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষকদের বিদেশে পাঠিয়ে প্রশিক্ষিত করতে হবে, কেউবা আবার বলেন, ন্যাটিভ স্পিকারদের নিয়ে এসে ইংরেজি শেখাতে হবে ইত্যাদি। এর কোনোটিই কিন্তু বাস্তবতার নিরিখে সহজ কাজ নয়।


দ্বিতীয়ত, মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স-মাস্টার্স পাস করা শিক্ষার্থীরা সেভাবে এখনো শিক্ষকতায় বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে আসছেন না। কলেজ থেকে পাস করা গ্র্যাজুয়েট যাঁরা শিক্ষকতায় আসছেন, অনন্য ব্যতিক্রম ছাড়া তাঁদের নিজেদের অবস্থাই করুণ! কিছুদিন আগে একটি আর্টিকলে লিখেছিলাম যে ইংরেজি শেখা বা শেখানোর উদ্দেশ্যের সঙ্গেই তাঁদের পরিচিতি নেই। তারপর আমাদের পাবলিক পরীক্ষায় ইংরেজিতে যে প্রশ্ন আসে, সেগুলো ইংরেজি ভাষা শিক্ষার্থী জেনেছে কি না বা জানার চেষ্টা করছে কি না সে রকম নয়। শুধু বিচ্ছিন্নভাবে কিছু খুঁটি পোঁতার চেষ্টা—যার ছাদ নেই, বেড়া নেই, ফ্লোর কিছুই ঠিক নেই।


সেটি ঘর নয়। উন্মুক্ত জায়গায় কিছু শক্ত কাঠের ছোট ছোট খুঁটি গাড়া অর্থাৎ বিচ্ছিন্নভাবে কিছু গ্রামার জেনে ভিত মজবুত করার চেষ্টায় সবাই ব্যস্ত! ছাদ, বেড়া ইত্যাদি না থাকলে শুধু খুঁটি গেড়ে কি থাকার ঘর বানানো যায়?
ইংরেজি শিক্ষা বিস্তারে প্রতিবন্ধকতা কোথায়সে ঘর তো বাস করার পুরো অনুপযুক্ত! রোদ-বৃষ্টিতে সব সময় সেই ঘর আক্রান্ত হয়, কেউ সেখানে বাস করতে পারে না। আমাদের শিক্ষার্থীদের আমরা সরকারি-বেসরকারি, আধাসরকারি ও ব্যক্তি পর্যাযে যে যেভাবেই ইংরেজি পড়াচ্ছি সেটি হচ্ছে বাক্য কিভাবে লিখতে হবে, কোনটি সঠিক আর কোনটি বেঠিক ইত্যাদি বিষয় শুধু আলাদা আলাদা খুঁটি পোঁতার মতো, পুরো একটি ঘর বা দালান বানানোর পরিকল্পনাও নেই, সে ধরনের প্রচেষ্টাও নেই। কাজেই আমরা সবাই কিন্তু ইংরেজি শিক্ষার বারোটা বাজাতে সহায়তা করছি। এর মধো বেশি বারোটা বাজাচ্ছে বাজারের কিছু গাইড, যেগুলোতে পুরো বাংলা অর্থ ও শব্দের উচ্চারণ, অর্থ সবকিছুই দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীদের যেন কিছুই করার নেই।


ভাষা শেখানোর সব প্রচেষ্টা থেকেই শিক্ষার্থীদের সরিয়ে রাখার পদ্ধতি! বাজারের একটি গাইড যা পুরো সোশ্যাল মিডিয়ায় অনবরত বাজাচ্ছে যে শিক্ষার্থীদের ইংরেজিতে পাস করা কত সহজ, পাসের বিভিন্ন পদ্ধতি ও গাইডটির গুণাগুণ নিয়ে বর্ণনায় ভর্তি এবং শিক্ষকদের, অভিভাবকদের এবং শিক্ষার্থীদের গাইডটি কেন, কিনতে হবে কেন, সেসব বিষয় বারবার প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা ইংরেজি শেখানো এবং শেখার যে বারোটা বাজিয়ে দিয়েছেন এবং বাজাচ্ছেন সেটি কি বুঝতে পারছেন? ইংরেজি ক্লাসে শিক্ষকদের প্রতিটি শব্দের বাংলা বলে দেওয়া মানে ইংরেজি পড়ানো নয়। শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাক্টিভিটি করাতে হবে, যার মাধ্যমে তারা শব্দ, শব্দ দিয়ে বাক্য তৈরি করা নিজেরা আয়ত্ত করে ফেলবে।


ইংরেজি যাঁরা ব্যক্তিজীবনে বা নিজের কোনো কাজে ব্যবহারের জন্য পড়েন না, দেশের কারিকুলামে আছে বিষয়টিতে কোনো রকম পাস করে তাঁদের পরীক্ষার বৈতরণি পার হতে হবে, তাঁদের ক্ষেত্রে সহজ বাংলায় কিছু টিপস দিয়ে সেই বৈতরণি পার হওয়ার জন্য কিছুটা কাজে লাগতে পারে, কিন্তু মূল ইংরেজি শেখানোর নাম করে পুরো বাংলা বই পড়ানোটা হচ্ছে আফিম নেওয়ার শামিল। ড্রাগ নিলে যেমন আস্তে আস্তে মনে হয় কোন এক স্বপ্নিল জগতে চলে যাচ্ছে বা গেছে, যা আসলে বাস্তব নয়। একইভাবে বাংলা পড়ে পড়ে বইয়ের কোনো প্যাসেজ বা গল্প কিছুটা বোঝানোর ভান করা হয় অর্থাৎ তার নিজস্ব রিজনিং ফ্যাকাল্টি, অনুধাবন করার ন্যাচারাল কোয়ালিটি ধীরে ধীরে লোপ পায়। ফলে মূল ইংরেজি পড়ে কখনোই নিজে কিছু উদ্ধার করতে পারে না। কারণ কনটেস্ট অনুযায়ী কোন শব্দের অর্থ বিভিন্ন হয়, যা কোথাও বাংলা লেখা দেখে পড়লে তার সঙ্গে মিলে না। আর বিভিন্ন কনটেন্ট, বই ও তথ্য ইংরেজি পড়ে মর্ম উদ্ধার করার জন্য ইংরেজি প্র্যাকটিস করতে হয়। সেই প্র্যাকটিসটি যদি বন্ধ করে শুধু পরীক্ষার জন্য কিছু বাংলা প্যাসেজের ও উত্তরের বাংলা পড়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে যে ইংরেজি দেখে, নিজের সেখান থেকে মর্ম উদ্ধার করতে হবে, সেটি পারবে না। কারণ তাকে পাস করানোর জন্য না হয় বাংলায় সব লিখে দেওয়া হলো, কিন্তু বাস্তব জীবনে কে তাকে সব বাংলা করে দেবে? বরং ইংরেজি দেখে দেখে ধীরে ধীরে যে বোঝার ক্ষমতা অর্জন করার কথা ছিল সেটি ধ্বংস করে দেওয়া হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও