অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার কাজটিও উপভোগ করেন আফরান নিশো। বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনায় দেখা গেছে তাঁকে। এবার আনন্দমেলার সঞ্চালনার দায়িত্বও তুলে নিলেন কাঁধে। কোরবানির ঈদ উপলক্ষে নতুন আঙ্গিক ও বর্ণিল আয়োজনে সাজানো হয়েছে বাংলাদেশ টেলিভিশনের ‘আনন্দমেলা’। আফরান নিশোর উপস্থাপনায় এতে অংশ নিয়েছেন একদল জনপ্রিয় তারকা।
আনন্দমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন রুনা লায়লা, বেবী নাজনীন ও ফেরদৌস ওয়াহিদ। বিশেষ কোরিওগ্রাফির মাধ্যমে ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’ গানে নতুনভাবে হাজির হয়েছেন রুনা লায়লা। বেবী নাজনীন পরিবেশন করেছেন ‘কাল সারা রাত ছিল স্বপ্নের রাত’। এই গানের কোরিওগ্রাফিতে অংশ নিয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী চাঁদনী ও শাওন। ফেরদৌস ওয়াহিদও থাকছেন আরেকটি গান নিয়ে।
পুরোনো জনপ্রিয় গানের ভিন্নধর্মী পরিবেশনার পাশাপাশি আনন্দমেলায় থাকবে নতুন গান। ‘কৃষ্ণচূড়া’ শিরোনামের গানটি গেয়েছেন ন্যান্সি ও ইমরান। কবির বকুলের লেখা এ গানের সংগীতায়োজনে রয়েছেন ইমরান মাহমুদুল।
অনুষ্ঠানের নৃত্য পরিবেশনাতেও থাকছে বৈচিত্র্য। ‘রূপনগরের রাজকন্যা’ সাজে নৃত্য পরিবেশন করেছেন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। আর মেহজাবীন চৌধুরী ও সাবিলা নূর নেচেছেন ‘দূর দ্বীপবাসিনী’ গানে। নৃত্য পরিচালনায় রয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ ও নৃত্যভূমি।