অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই প্রতিবন্ধী সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি
অস্ট্রেলিয়ার সিডনিতে এক প্রবাসী বাংলাদেশি পরিবারে এক ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে। সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। নিহত দুই সন্তানের বয়স যথাক্রমে ১২ ও ৫ বছর। দুজনেই ‘লার্নিং ডিফিকাল্টি’ বা বিশেষ চাহিদাসম্পন্ন (অটিজম বা বিকাশজনিত সমস্যা) শিশু ছিল বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি নিজেই গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশকে ফোনকল করে এই হত্যাকাণ্ডের খবর দেন। এরপর দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে অভিযুক্তের ৪৬ বছর বয়সী স্ত্রী এবং দুই শিশুপুত্রের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
নিউ সাউথ ওয়েলস পুলিশের অ্যাক্টিং সুপারিনটেনডেন্ট মাইকেল মরোনি গণমাধ্যমকে জানিয়েছেন, ক্যাম্পবেল টাউনের ওই বাড়িটির ভেতরের দৃশ্য অত্যন্ত ভয়াবহ ও সহিংস ছিল। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা সাধারণের দেখার অযোগ্য। পুলিশ ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করলেও কোনো আগ্নেয়াস্ত্রের সন্ধান পায়নি।
অভিযুক্ত ব্যক্তি এবং তাঁর পরিবার প্রায় এক দশক আগে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে এসেছিলেন। পরিবারটির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, অভিযুক্ত বাবা নিজে কোনো চাকরি করতেন না, বরং ঘরে থেকে তাঁর বিশেষ চাহিদাসম্পন্ন দুই সন্তানের সার্বক্ষণিক যত্ন নিতেন। অন্যদিকে, তাঁর স্ত্রী বাইরে চাকরি করতেন এবং তিনিই ছিলেন পরিবারের মূল উপার্জনক্ষম ব্যক্তি।