জাতীয় বাজেটে শিক্ষার গুরুত্ব
কিছুদিন পরেই জাতীয় সংসদে উত্থাপিত হবে বর্তমান সরকার কর্তৃক ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তরসমূহে চলছে ব্যাপক কর্মযজ্ঞ অন্যদিকে দেশের নাগরিকরা অপেক্ষায় রয়েছে কি আসছে আগামী বাজেটে।
২০২৫-২৬ সালের অর্থ বছরে ঘোষিত হয় ৭ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট। ফি বছরই বাজেটের বিভিন্ন খাতের সাথে অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা খাতের জন্যও জাতীয় বাজেটে বরাদ্দ রাখা হয়। জাতির উন্নতি, অগ্রগতির মান নির্ভর করে সে জাতির শিক্ষা ব্যবস্থার অগ্রগতির দ্বারা।
বাংলাদেশের টেকসই উন্নয়ন সমুন্নত রাখতে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ ও সার্বিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য যেজন্য প্রয়োজন শিক্ষাখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া। বাংলাদেশের শিক্ষা খাত এখনো নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যার মধ্যে রয়েছে, পর্যাপ্ত অবকাঠামো, মানসম্মত শিক্ষক, আধুনিক পাঠ্যপুস্তক, প্রযুক্তি নির্ভর শিক্ষাব্যবস্থা, উচ্চ শিক্ষায় গবেষণা বরাদ্দ ঘাটতি।
আর এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধির কোন বিকল্প নেই। কিন্তু বাংলাদেশে বিগত বছরগুলোয় দেখা যায় ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটে শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ রাখা ছিল ১ লাখ ১০ হাজার ৬৫৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ শতাংশ এবং জিডিপির ১.৭৭ শতাংশ।
২০২৩-২৪ অর্থবছরে জিডিপির ১.৭৬ শতাংশ এবং বাজেটের ১১.৬ শতাংশ, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির ১.৭ শতাংশ এবং বাজেটে ১১.৮৮ শতাংশ। আন্তর্জাতিক মানদণ্ডে একটি দেশের শিক্ষা খাত জিডিপির ৬ শতাংশ বা বাজেটের ২০ শতাংশ বরাদ্দ পেলে তা আদর্শ ধরা হয়।
গত অর্থ বছরে শিক্ষাখাতে টাকার অংকের হিসেবে বাজেট বরাদ্দের পরিমাণ পরিমাণ বিগত বছরগুলোর চেয়ে বাড়লেও এখাতে বরাদ্দ জিডিপির অনুপাতে অনেকটাই কমেছে যা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক কম। টেকসই লক্ষ্যমাত্রা উন্নয়ন অর্জনের জন্য শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি অপরিহার্য। আর শিক্ষায় বিনিয়োগ মানে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। নতুন অর্থবছরের জন্য যে বাজেট প্রস্তাব করা হবে তা নিয়ে বিশেষ করে শিক্ষাখাতের বাজেট নিয়ে নানা মহলে নানা ধরণের আলোচনা চলমান রয়েছে।
বিভিন্ন সংবাদ সূত্র থেকে জানা যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে শিক্ষার গুণগত মান ও শিক্ষকতার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে শিক্ষা খাত। আগামী অর্থবছরের বাজেটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানো হচ্ছে।
- ট্যাগ:
- মতামত
- বরাদ্দ
- জাতীয় বাজেট
- শিক্ষা খাত