সিভিল সার্ভিস আইন: সরকারি কর্মীদের জন্য নতুন আইন হচ্ছে
সরকারি কর্মচারীদের জন্য সরকারি চাকরি আইন থাকলেও নতুন করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস’ নামে আরেকটি আইন করতে যাচ্ছে সরকার। নতুন আইনটি শুধু বিসিএস কর্মকর্তা, না সব সরকারি কর্মচারীর জন্য করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিস আইনের খসড়া করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে সম্প্রতি ১৬ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ওই কমিটির একজন সদস্য গত রোববার আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সরকারি চাকরিসংক্রান্ত সব আইন ও বিধিবিধান পর্যালোচনা করে নতুন আইনের খসড়া প্রণয়নের দিকে আগাব। শিগগিরই কমিটির বৈঠক হবে।’
জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলেছেন, সরকার চাইলে শুধু বিসিএস কর্মকর্তাদের জন্য নতুন এই আইন করতে পারে অথবা সব সরকারি কর্মচারীকে এই আইনের আওতায় আনতে পারে। তবে সব সরকারি কর্মচারীকে এই আইনের মধ্যে রাখা হলে সরকারি চাকরি আইনে নতুন করে হাত দিতে হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নতুন আইন
- সরকারি কর্মচারী