প্রেক্ষাগৃহের সাফল্যের পর এবার ওটিটিতে ‘বনলতা এক্সপ্রেস’
রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ব্যবসায়িক দিক থেকেও শীর্ষে ছিল সিনেমাটি। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরি হক বাঁধন প্রমুখ।
বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেনযাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা মুক্তি
- ওটিটি প্ল্যাটফর্ম