ঈদের বাজারে ১০ হাজার টাকার মধ্যে ৭ স্মার্টফোন
আর কয়েক দিন পরেই ঈদ। আর তাই নিজের বা প্রিয়জনের জন্য ঈদের কেনাকাটা শুরু করেছেন অনেকে। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে প্রয়োজন বা স্টাইল বুঝে স্মার্টফোন কেনার পরিকল্পনাও করেছেন কেউ কেউ। কম বাজেটের ক্রেতাদের জন্য বাজারে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের স্মার্টফোন পাওয়া যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের বিভিন্ন বিক্রয়কেন্দ্র ঘুরে ১০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ফোনের ক্যামেরা, পর্দার আকার, প্রসেসর ও দাম তুলে ধরা হলো।
১. আইটেল এ৫০সি
যাঁরা একদম কম বাজেটের মধ্যে ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তাঁদের জন্য রয়েছে আইটেল এ৫০সি। ৬.৫৬ ইঞ্চি পর্দার ফোনটিতে রয়েছে ২ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট ধারণক্ষমতা। ইউনিসক টি৬০৩ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। টাইপ-সি ২.০ পোর্টযুক্ত ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও রয়েছে। ফোনটির দাম ৬ হাজার ৭৫৫ টাকা।
২. নকিয়া ২৬৬০ ফ্লিপ
যাঁরা তুলনামূলক কম দামে ফ্লিপ ফোন খুঁজছেন, তাঁদের জন্য নকিয়ার ২৬৬০ ফ্লিপ মডেলটি সেরা পছন্দ হতে পারে। ফোর-জি নেটওয়ার্ক–সমর্থিত ফোনটিতে আকারে বড় কিপ্যাড এবং ১ হাজার ৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের রিমুভেবল ব্যাটারি রয়েছে। ফোনটিতে মাত্র ৪৮ এমবি র্যাম ও ১২৮ মেগাবাইট ধারণক্ষমতা থাকলেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়িয়ে নেওয়া যায়। ফোনটির দাম ৭ হাজার ৪৯৯ টাকা।
৩. ওয়ালটন অরবিট ওয়াই১৩
৬.৬ ইঞ্চি পর্দার ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ১.৬ গিগাহার্জ গতির অক্টাকোর প্রসেসর ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে, যা মেমোরি কার্ডের মাধ্যমে ২৫৬ গিগাবাইট করা যায়। ছবি তোলার জন্য ফোনটি পেছনে ৮ মেগাপিক্সেল এবং সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনটির দাম ৭ হাজার ৭৫৯ টাকা।
৪. টিসিএল ৪০৮
৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা রয়েছে টিসিএল ৪০৮ মডেলের ফোনটিতে। ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। ফলে সহজেই ভালো মানের ছবি তোলা যায়। মিডিয়াটেক হেলিও জি২৫ অক্টাকোর প্রসেসরে চলা ফোনটিতে আঙুলের ছাপ শনাক্তরণ সেন্সরও রয়েছে। ১০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার ফোনটির দাম ৮ হাজার ৯৯৯ টাকা।
৫. ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি
ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি মডেলের ফোনটিতে ৯০ হার্ডজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি পর্দা রয়েছে। মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসরে চলা ফোনটিতে ৩ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতা থাকায় সহজেই বিভিন্ন কাজ দ্রুত করার পাশাপাশি সংরক্ষণ করা যায়। স্টিরিও স্পিকারযুক্ত ফোনটির পেছনে ১৩ মেগাপিক্সেল এবং সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। রিভার্স চার্জিং ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটির দাম ৯ হাজার ৪৯৯ টাকা।