You have reached your daily news limit

Please log in to continue


অল্প মসলায় রান্না করুন ঝিঙে দিয়ে মসুর ডাল

গরমের ভাতের সঙ্গে পাতলা মসুর ডাল বাঙালির প্রিয় খাবার। সাধারণ এই ডালেই যদি ঝিঙে যোগ করা হয়, তবে স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। কম মসলা আর অল্প সময়েই তৈরি হয়ে যায় এই সহজ পদটি, যা একই সঙ্গে সুস্বাদু এবং স্বাস্থ্যকর।

ঝিঙে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, ফলে গরমে আরাম পাওয়া যায়। অন্যদিকে মসুর ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন, যা শরীরের পুষ্টি চাহিদা পূরণ করে। এই দুই উপাদানের মিশ্রণে তৈরি ডাল শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও ভরপুর। কম তেলে, কম মসলায় তৈরি এই পদ শিশু থেকে বয়স্ক, সবার জন্য স্বাস্থ্যকর।

যারা গরমের দিনে ভারী ও মসলাদার খাবার এড়িয়ে চলেন। তাদের জন্য দুপুরের মেনুতে ঝিঙে দিয়ে মসুর ডাল খুব সহজেই জায়গা করে নিতে পারে। হালকা কিন্তু পুষ্টিকর খাবার শরীরকে রাখবে সতেজ।

আসুন জেনে নেওয়া যাক ঝিঙে দিয়ে মুসুরের ডাল যেভাবে রান্না করবেন-

উপকরণ

  • মসুর ডাল ১ কাপ
  • ঝিঙে ২টি
  • পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ
  • টমেটো কুচি ১টি (মাঝারি)
  • রসুন কুচি ১ চা চামচ
  • কাঁচামরিচ ৩-৪টি
  • হলুদ গুঁড়া সামান্য
  • লবণ স্বাদমতো
  • তেল ১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি সামান্য

    প্রস্তুত প্রণালি

প্রথমে মসুর ডাল ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ডাল, লবণ, হলুদ গুঁড়া এবং প্রয়োজনমতো পানি দিয়ে কুকার বা হাঁড়িতে সেদ্ধ করে নিন। অন্যদিকে ঝিঙের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে প্রথমে রসুন কুচি দিয়ে হালকা সোনালি করে ভেজে নিন। রসুন ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিন। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে কষাতে হবে যতক্ষণ না টমেটো গলে গিয়ে মসলার সঙ্গে মিশে যায়। এই কষানো মসলার মধ্যেই সেদ্ধ করা ডাল, কাঁচামরিচ ও কাটা ঝিঙে দিয়ে দিন।

প্রয়োজনে সামান্য গরম পানি যোগ করে মাঝারি আঁচে ২-৩ মিনিট ফুটিয়ে নিন।যাতে সব উপাদানের স্বাদ ভালোভাবে মিশে যায়। ডাল যখন পছন্দমতো ঘন হয়ে আসবে, তখন চুলা থেকে নামানোর আগে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

টিপস

  • ঝিঙে ছোট টুকরো করে কাটলে দ্রুত সিদ্ধ হয় এবং ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়।
  • ঝিঙে দেওয়ার আগে হালকা ভেজে নিলে স্বাদ ভালো আসবে।
  • ডাল বেশি পাতলা রাখতে চাইলে রান্নার শুরুতেই বেশি পানি দিন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন