২৯ বছরে ১৮ বার জিতেছেন লটারি
একবার লটারি জেতাই যেখানে ভাগ্যের ব্যাপার, সেখানে একজীবনে ১৮ বার লটারি জেতা তো অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়। যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা রবার্ট বেভানের ভাগ্যে ঠিক এই কাণ্ডই ঘটেছে। সম্প্রতি তিনি ‘১,০০০,০০০ কিং স্ক্র্যাচ গেম’ থেকে লটারি কিনে ৫০ হাজার ডলার পুরস্কার জিতেছেন, যা তাঁর জীবনের ১৮তম লটারি জয়।
তবে এত অর্থ জেতার পরও রবার্ট মনে করেন, লটারির অর্থ নয়, তাঁর জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ ও প্রকৃত সৌভাগ্য হলো তাঁর দীর্ঘ দাম্পত্য জীবন।
আইডাহো লটারি কর্তৃপক্ষের তথ্যমতে, রবার্টের এই রেকর্ড ভাঙা লটারি জয়ের শুরু হয়েছিল ১৯৯৭ সালে একটি বিশেষ প্রচারণায় শেভ্রোলেট ব্লেজার গাড়ি জেতার মধ্য দিয়ে। এরপর গত ২৯ বছরে ছোটখাটো নগদ অর্থ থেকে শুরু করে সর্বোচ্চ দুই লাখ ডলার পর্যন্ত লটারি জিতেছেন তিনি।
তবে এতবার জেতার পরও রবার্ট বলেন, তাঁর কাছে লটারি সব সময়ই ছিল বিনোদনের বিষয়, অর্থ উপার্জনের উপায় নয়। তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে স্ত্রীকে সঙ্গে নিয়ে লটারির টিকিট কেনা তাঁর একধরনের অভ্যাসে পরিণত হয়েছিল।
লটারি কর্তৃপক্ষ যখন রবার্টের কাছে জানতে চেয়েছিল, এতবার জেতার রহস্য কী? উত্তরে তিনি যা বলেছেন, তা সামাজিক যোগাযোগমাধ্যমে কোটি মানুষের মন জয় করে নিয়েছে। রবার্ট মৃদু হেসে বলেন, ‘লটারির অর্থ জেতা বড় কথা নয়। এই অসাধারণ নারীর (স্ত্রী) সঙ্গে কাটানো ৪০টি বছরই আমার জীবনের আসল ভাগ্য।’
- ট্যাগ:
- জটিল
- লটারি বিজয়ী