ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই: জ্বালানি মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আর পিছিয়ে নেই। তারা বর্তমানে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি করছেন৷ শুধু তাই নয়, সরকারি চাকরির ক্ষেত্রে তাদের জন্য আলাদা কোটা রয়েছে।
শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে বৈচিত্রের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, পুরোনো সংস্কৃতি ভুলে গিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের পড়াশোনায় মনোনিবেশ করতে হবে৷ এক সময় এই গোষ্ঠীর মেয়েরা স্বামীর পা ধুয়ে দিতো। ফলে মেয়েদের মানবিকতার জন্ম হতো না। তারা মানসিকভাবে পুরুষের তুলনায় নিজেদের ছোট ভাবতো। এটা মোটেও ঠিক না। এখন যুগের পরিবর্তন হয়েছে। এ গোষ্ঠীর মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছেলে-মেয়েদের উদ্দ্যেশ করে টুকু বলেন, ‘তোমরা শিক্ষিত হলে দেশ পরিচালনার দায়িত্ব এক সময় তোমাদের হাতেই পৌঁছাবে৷ তোমরা পিছিয়ে নেই, মূলত তোমাদের মানসিকতা পিছিয়ে রাখার জন্য তোমরা পিছিয়ে আছো। তিনি পুরোনো মানসিকতা ছেড়ে দিয়ে তাদের নিজ ধর্ম পালনের মধ্যদিয়ে ছেলে-মেয়েদের পড়াশোনার তাগিদ দেন।