ব্যবসায়ীদের জন্য ঋণ পুনর্গঠন সুবিধা গুরুত্বপূর্ণ
কিছুদিন আগে এক ব্যবসায়ী আমাকে ব্যাংকঋণ নিয়ে তার দুঃখের কথা জানালেন। সেই ব্যবসায়ী একটি ব্যাংক থেকে তাঁর ব্যবসার প্রয়োজনে কিছু ঋণ গ্রহণ করেছেন, যার মধ্যে আছে কয়েক ধরনের ঋণ, যেমন—ওভারড্রাফট, মেয়াদি ঋণ বা টাইম লোন এবং এলসি (লেটার অব ক্রেডিট)।
এই ঋণ সুবিধা নিয়ে তিনি স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারছিলেন না। বিশেষ করে টাইম লোন নিয়ে তাঁর বেশ সমস্যা হচ্ছিল। তাই তিনি ব্যাংকের শাখায় আবেদন করেছিলেন, টাইম লোন বাতিল করে ওভারড্রাফটের পরিমাণ বাড়িয়ে দেওয়ার জন্য। এই আবেদনের পরিপ্রেক্ষিত সেই ব্যাংকের সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক তাঁকে জানান, প্রথমে নির্ধারিত হারে ডাউন পেমেন্টের অর্থ জমা দিতে হবে, তাহলে তাঁর এই প্রস্তাবটি ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠাবে অনুমোদনের জন্য।
সেই ব্যবসায়ীর ঋণ খেলাপি হয়নি, তাহলে তাঁকে কেন শুধু ঋণের ধরন পরিবর্তনের জন্য ডাউন পেমেন্টের অর্থ জমা দিতে হবে, তা সেই ব্যবসায়ী কিছুতেই বুঝতে পারছিলেন না। আর এ কারণেই তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন ভালোভাবে বোঝার জন্য। সেই ব্যবসায়ীর কথা শুনে আমি বললাম, ‘আমি নিজেই তো আপনার মতো কিছু বুঝতে পারছি না, তাহলে আপনাকে বোঝাব কিভাবে।’
বিষয়টি ভালো করে জানার জন্য আমি পরিচিত কয়েকজন শাখা ম্যানেজারের সঙ্গে কথা বলেছি।
কিন্তু তাঁরাও আমাকে বিষয়টি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। তবে সবাই একটি কথা পরিষ্কার করে বলেছেন, তাঁদের প্রধান কার্যালয় থেকে যেভাবে বলবে সেভাবেই ঋণ প্রস্তাব পাঠাতে হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি যখন তাঁদের পাল্টা প্রশ্ন করলাম, আপনারা তো এ ব্যাপারে ইস্যুকৃত সার্কুলার মেনে কাজ করবেন। প্রধান কার্যালয়ের নির্দেশের অপেক্ষায় থাকেন কেন? আমার এমন কথা শুনে অধিকাংশই চুপ করে ছিলেন।