সবাই যদি একটি সিনেমায় কাজ করেন, তা দেশের জন্য বড় অর্জন: শুভ
'জ্যাজ সিটিতে' আমাকে নতুনভাবে আবিষ্কার করেছি বলে জানিয়েছেন ঢালিউডের অন্যতম সুপারস্টার আরিফিন শুভ। মডেলিং ও রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা এ অভিনেতার বর্তমানে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভ-এ 'জ্যাজ সিটি' মুক্তি পেয়েছে গত ১৯ মার্চ। মুক্তি পাওয়া এই স্পাই থ্রিলার সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। 'জিমি রায়' চরিত্রে অভিনয় করে তুমুল প্রশংসা পাচ্ছেন তিনি।
জিমি রায়ের চরিত্রে আরিফিন শুভর লুকিং ও বডি ল্যাঙ্গুয়েজ পছন্দ করেছেন নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীরা। এমনকি দেশের অনেক তারকাও প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ এমনও বলেছেন, দেশের পরিচালকরা কেন শুভকে পর্দায় এভাবে উপস্থাপন করতে পারেন না! তাকে নিয়ে দেশের পরিচালকদেরও আলাদা করে ভাবা উচিত।
অথচ সিরিজটিতে 'জিমি রায়' চরিত্রটি নিয়ে শুভর প্রত্যাশা খুব বেশি ছিল না। তিনি বলেন, ‘খুবই নার্ভাস ছিলাম। কারণ এটা আমার কমফোর্ট জোনের বাইরের এলাকা। ভিন্ন লোকেশন, ভিন্ন দেশ, ভিন্ন ভাষা। তারপরও শতভাগ দেওয়ার চেষ্টা করেছি।’
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব সিরিজ
- আরিফিন শুভ