জয় দিয়েই পিএসজির টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার উৎসব
২০২৫-২৬ মৌসুমের লিগ ওয়ানের শিরোপায় এক হাত প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) আগেই দিয়ে রেখেছিল। গত রাতে লেঁসের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ছিল পিএসজির। কিন্তু লুইস এনরিকের দল জিতেই লিগ শিরোপা নিজেদের করে নিয়েছে।
বোলার্ট দেলেলিস স্টেডিয়ামে গত রাতে লেঁসকে ২-০ গোলে হারিয়ে লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। তাতে ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করেছে প্যারিসিয়ানরা। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা লেঁসের পয়েন্ট ৬৭। প্রত্যেকেই এই টুর্নামেন্টে ৩৪টি করে ম্যাচ খেলবে। যদি লেঁস নিজেদের শেষ ম্যাচ জেতে আর পিএসজি হারে, তবু পিএসজিকে টপকে যেতে পারছে না লেঁস। গত রাতের জয়ে ২০২১-২২ মৌসুম থেকে শুরু করে ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত টানা পাঁচবার লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি।
লেঁস-পিএসজি ম্যাচে গত রাতে প্রথম গোল আসে ২৯ মিনিটে। উসমান দেম্বেলের অ্যাসিস্টে গোল করেন খাবিচা কাভারেস্কেলিয়া। জয় যখন একরকম নিশ্চিত, তখন ব্যবধান আরও একটু বাড়িয়ে নেয় পিএসজি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে গোল করেন ইব্রাহিম এমবায়ে। তাঁকে গোল করতে সহায়তা করেন দেজির দুয়ে।