ইরান যুদ্ধের সবচেয়ে উত্তাল সময়ে গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেছেন, ওই সফরে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।
বুধবার রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে বলেছে, “এই সফরের ফলে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে।”
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী মরু শহর আল আইন-এ দুই নেতা কয়েক ঘণ্টা বৈঠক করেন।
একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি লিখেছে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সামরিক পদক্ষেপ সমন্বয়ের জন্য অন্তত দুবার আমিরাত সফর করেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। তার ওই সফরের খবর প্রথম প্রকাশ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল।