২০২৭ সালের এসএসসি শুরু ডিসেম্বরেই, রুটিন হবে ৩৮ দিনের
এসএসসি ও সমমান পরীক্ষা প্রতিবছর ডিসেম্বরের মধ্যেই শেষ করার পথে হাঁটছে সরকার। তবে হুট করে পরীক্ষা এগিয়ে আনার এমন সিদ্ধান্তের বিপক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের প্রস্তাব- ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়া হোক। ধীরে ধীরে পরীক্ষা এগিয়ে ডিসেম্বরে নেওয়া যেতে পারে।
শিক্ষার্থী ও অংশীজনদের চাওয়াকে গুরুত্ব দিয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসজুড়ে নির্ধারণ করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বহাল রাখা হচ্ছে শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার ঘোষণাও! অর্থাৎ, ৩১ ডিসেম্বর শুরু হতে পারে এসএসসি পরীক্ষা। এরপর জানুয়ারি মাসজুড়ে ৩৮ দিনের রুটিনে রোজার ছুটির আগেই তা শেষ করা হবে।
বুধবার (১৩ মে) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সেখানে সব পক্ষের মতামত শোনেন তিনি। নানান দিক বিশ্লেষণ করে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর প্রাথমিক একটি তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি এখনো প্রকাশ করেনি মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড।
বৈঠকে অংশ নেওয়া অন্তত তিনজন কর্মকর্তা, শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে জাগো নিউজ। তারা জানান, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার। ৭ ফেব্রুয়ারির মধ্যেই এ পরীক্ষা শেষ করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- এসএসসি ও সমমানের পরীক্ষা