অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন, আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ। আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা যেটা। কারণ আমি তো আওয়ামী লীগকে সমর্থন করেছি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না। কারণ ওতপ্রোতভাবে আমি প্রফেশনালি কোনো পলিটিশিয়ান না।
মঙ্গলবার (১২ মে) দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সিদ্দিকুর রহমান বলেন, দিনশেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। আমার মুক্ত স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলার আমার নাগরিক যে অধিকার- সেগুলো আমার আছে। থাকা উচিত আমি মনে করি। সে জায়গা থেকে শুধু বলতে পারি, আমি কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে জড়িত না। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত না। আমি কারো কোনো ক্ষতি চাইনি। আমার দ্বারা কারো ক্ষতি হয়নি। বা আমি বরং ওই জায়গা থেকে মানবতার সেবক হতে চেয়েছি।