কী নিয়ে বাজেট পরিকল্পনা করছে সরকার?
বছর কয়েক ধরে দেশের অর্থনীতি যেসব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো কাটেনি বরং আরও বেড়েছে। এরমধ্যেই নির্বাচন ঘিরে বিএনপির দেওয়া প্রতিশ্রুতি জনমনে যে প্রত্যাশা তৈরি করেছিল সেগুলো আগামী বাজেটে বাস্তবায়নের ছাপ থাকার চাপ থাকছে অর্থমন্ত্রীর ওপর। সীমিত সামর্থ্যের মধ্যে তিনি কতটুকু কী করতে পারবেন দেখার বিষয় এখন সেটিই।
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে পরিকল্পনার ছক কষতে গিয়ে তিনি কি আগের সরকারগুলোর মত গতানুগতিক পথে হাঁটবেন নাকি ভিন্ন কিছু করবেন? এমন প্রশ্নও সামনে এসেছে।
বর্তমান অভ্যন্তরীণ ও বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সরকারের সামনে খুব বেশি বিকল্প না থাকার তথ্য মিলছে।
অর্থনীতির দোদুল্যমানতার মধ্যে অর্থমন্ত্রীর হাতে এমন কোনো জাদুর কাঠি নেই যে তিনি নতুন কিছু করে ফেলবেন; চমক দেখানোর বাজেট দেবেন। বরং জাতীয় বাজেট করতে গিয়ে তার হাতে ‘না থাকা’ এর তালিকাই লম্বা। পেছনের সংকটের বোঝা টানতে গিয়ে সরকারের সামনের পথটা জটিল।