হরমুজ পার হতে টোল, ‘অনুমতির নতুন নিয়ম’ চালু করেছে ইরান
স্বাভাবিক সময়ে বিশ্বের অপরিশোধিত তেলের এক পঞ্চমাংশ যে সঙ্কীর্ণ জলপথ দিয়ে যায়, সেই হরমুজ প্রণালির জন্য ইরান নতুন এক নিয়ম চালু করেছে, যাতে এখন থেকে যে কোনো নৌযানকে প্রণালিটি পাড়ি দিতে তেহরানের কাছ থেকে আগে অনুমতি নিতে হবে এবং টোল দিতে হবে বলে জানিয়েছে নৌচলাচল বিষয়ক এক জার্নাল।
পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের সমাপ্তি নিয়ে অচলাবস্থার মধ্যে ওয়াশিংটন যখন কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ জলপথটি খুলতে জোর তৎপরতা চালাচ্ছে, তখনই ইরান এ পদক্ষেপ নিল, লয়েড’স লিস্টের খবরের বরাত দিয়ে বলেছে এনডিটিভি।
নৌচলাচল খাতের জার্নাল লয়েড’স লিস্ট বলছে, “পারসিয়ান গালফ স্ট্রেইট অথরিটি (পিজিএসএ) এরই মধ্যে হরমুজ প্রণালি পাড়ি দিতে চাওয়া জাহাজগুলোকে আগে কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়া ও টোল দেওয়ার নতুন নিয়মকানুন চালু করেছে।”
এ নিয়ম অনুযায়ী, নৌযানগুলোকে আগে তাদের মালিকানা, বীমা, ক্রু, মালামালা, কোন বন্দর থেকে রওনা দিয়েছে, গন্তব্য কোথায়সহ ৪০টির বেশি প্রশ্নসমৃদ্ধ ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ ফর্ম পূরণ করে জমা দিতে হবে।
এরপরই মিলবে অনুমতি। তবে কীভাবে, কত করে টোল নেওয়া হবে সে বিষয়ে লয়েড’স কিছু জানায়নি।
ইংরেজি ভাষায় সম্প্রচার চালানো ইরানের প্রেস টিভি বলেছে, তেহরান ‘হরমুজ প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব চর্চার প্রক্রিয়া’ ঠিক করেছে এবং [email protected] ইমেইল থেকে নতুন নিয়মকানুন জাহাজগুলোকে পাঠানো হয়েছে।