সংবিধানেই এআইয়ের বিষয়আসয় যোগ করছে গ্রিস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত উত্থান ও এর সম্ভাব্য ঝুঁকি ঠেকাতে সংবিধানে পরিবর্তন আনতে যাচ্ছে গ্রিস।
প্রযুক্তি যেন কোনোভাবেই মানবতাকে ছাপিয়ে না যায় এবং ব্যক্তির স্বাধীনতা ও সামাজিক সেবায় নিয়োজিত থাকতে বাধ্য থাকে সেই লক্ষ্যেই দেশটির এ উদ্যোগ।
গণতন্ত্রের সূতিকাগার হিসেবে খ্যাত দেশটি এ সাংবিধানিক সুরক্ষাকবচের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত ডিজিটাল বিশ্ব নিশ্চিত করতে চায় বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
বৃহস্পতিবার এসব প্রস্তাবিত সংশোধনী উপস্থাপন করেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস।
গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও মানবজাতির প্রতি এআইয়ের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে চলমান উদ্বেগের মধ্যে আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখার জন্য এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন তিনি।
নিজের ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী দলের আইনপ্রণেতাদের উদ্দেশ্যে মিতসোতাকিস বলেছেন, “এ সাংবিধানিক সংশোধন প্রক্রিয়ায় আমরা এমন এক বিশ্বের যত্ন নেব, যা আমাদের সন্তানদের আগামী দিনের ঠিকানা হবে। আর এটি গুরুত্বপূর্ণ।”