তদন্তের মুখে রোবোট্যাক্সি প্রতিষ্ঠান অ্যাভরাইড
স্বয়ংচালিত গাড়ির একাধিক দুর্ঘটনার ঘটনায় তদন্তের মুখে পড়েছে রোবোট্যাক্সি প্রতিষ্ঠান অ্যাভরাইড। যুক্তরাষ্ট্রের সড়ক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা এনএইচটিএসএ জানিয়েছে, কোম্পানিটির স্বচালিত সফটওয়্যারের আচরণ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় তদন্ত শুরু করা হয়েছে।
উবারের অংশীদার প্রতিষ্ঠান অ্যাভরাইড–এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ)। সংস্থাটি জানিয়েছে, কোম্পানিটির স্বয়ংচালিত যানবাহনের সঙ্গে জড়িত অন্তত ১৬টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।
এনএইচটিএসএর অফিস অব ডিফেক্টস ইনভেস্টিগেশন বলছে, দুর্ঘটনাগুলোর পেছনে অ্যাভরাইডের স্বচালিত সফটওয়্যারের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে লেন পরিবর্তন, একই লেনে থাকা অন্য যানবাহনের প্রতিক্রিয়া এবং সড়কে থাকা স্থির বস্তুকে শনাক্ত করার ক্ষেত্রে ত্রুটি দেখা গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, সব দুর্ঘটনার সময় গাড়িতে নিরাপত্তা পর্যবেক্ষক হিসেবে একজন চালক উপস্থিত ছিলেন। তবে কেন তারা সময়মতো হস্তক্ষেপ করেননি, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি অ্যাভরাইড।