পেশাজীবী ও বিভিন্ন সংগঠনের ৩৬ নেতা-কর্মী যোগ দিলেন এনসিপিতে, ফুল দিয়ে বরণ
গণ অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্স, আপ বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন পেশায় থাকা ৩৬ ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় যোগ দিয়েছেন। আনুষ্ঠানিক যোগদানের পর তাঁদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিভিন্ন দল-সংগঠনের এই নেতা-কর্মী ও পেশাজীবীরা এনসিপিতে যোগ দেন। নাম ঘোষণার পর তাঁদের ফুল দিয়ে বরণ করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।
এনসিপিতে যোগ দেওয়া এসব নেতা-কর্মীর মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারি নাকিবুর রহমান, জুলাই রেভোল্যুশনারি অ্যালায়েন্সের মিরপুর জোনের আহ্বায়ক চিকিৎসক আশিকুর রহমান, ঢাকার তুরাগ থানা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জুয়েল উদ্দিন খান, একই থানা যুব অধিকার পরিষদের সদস্যসচিব সাইয়েদ আহমদ শরীফ, এই থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নূর মোহাম্মদ খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তরখান থানার আহ্বায়ক আবদুর রহমান ও সদস্যসচিব ফজলে রাব্বী।