সিনেমা হলে চলছে ‘সর্দারবাড়ির খেলা’, প্রচারে নেই বুবলী
বাংলার লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘সর্দারবাড়ির খেলা’। লাঠিয়ালদের জীবনসংগ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা তার ক্যারিয়ারের প্রথম চলচ্চিত্র। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী।
গত বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় এর মুক্তি। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৮ মে) সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে মুক্তি উপলক্ষে সাম্প্রতিক সময়ে সিনেমাটির প্রচারণায় প্রধান দুই তারকা রোশান ও বুবলীর কাউকেই দেখা যায়নি।
প্রচারণায় অংশ না নেওয়ার বিষয়ে অভিনেতা রোশান সংবাদ মাধ্যন্মে জানিয়েছেন, সিনেমার পুরো পারিশ্রমিক এখনো হাতে পাননি তিনি। এছাড়া মুক্তি নিয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তার সঙ্গে কোনো আলোচনা বা পরিকল্পনা শেয়ার করা হয়নি। তবে ব্যক্তিগত মান-অভিমান থাকলেও অভিনেতা হিসেবে তিনি সিনেমাটির গল্পের প্রশংসা করেছেন।