স্লিপে জীবন পেয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরলেন জয়
পঞ্চম ওভারের প্রথম বলেই শাহিন শাহ আফ্রিদির বিলম্বিত সুইংয়ে বোকা বনে গিয়ে স্লিপে ক্যাচ তুলে বসেন মাহমুদুল হাসান জয়। তবে সালমান আলি আগা বাংলাদেশি ওপেনারের ক্যাচটি তালুবন্দী করতে পারেননি। সেই সময়ে ৪ রানে ব্যাট করছিলেন জয়, এরপর আর ৪ রান যোগ করতেই তিনি ক্যাচ দিলেন উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে। এক ওভারের ব্যবধানে হতাশা ছাপিয়ে প্রথম উইকেটের দেখা পেলেন আফ্রিদি।
জয়ের বিদায়ে ১৮ রানে প্রথম উইকেটের পতন দেখল বাংলাদেশ। আরেক ওপেনার সাদমান ৬ এবং ওয়ানডাউনে নামা মুমিনুল হক ১ রানে অপরাজিত আছেন। সপ্তম ওভারের প্রথম বলটি শাহিন আফ্রিদির অফ স্টাম্পের বাইরে ফেলেছিলেন, যা ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ দিয়েছেন জয়। ১৮ বলে তার ব্যাটে এসেছে ৮ রান।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পাকিস্তানি পেসার হিসেবে ১০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করলেন শাহিন। তবে সবমিলিয়ে এই কীর্তি গড়া ১৯তম বোলার তিনি। টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ নোমান আলি ৮৯ এবং সাজিদ খান ৬৩ উইকেট শিকার করেছেন।
এদিকে, শাহিনের প্রথম ওভারে ২ চারের সাহায্যে ৮ রান নিয়ে ইনিংস শুরু করে বাংলাদেশ। প্রথম বলেই জয় চার মেরেছেন ডিপ স্কয়ারে ফ্লিক করে। পরের বলেই আরেকটি বাউন্ডারি লেগবাই–এর সুবাদে হয়। এর আগে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তিন পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং এবাদত হোসেনকে নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিকরা।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট সিরিজ
- বাংলাদেশ-পাকিস্তান