ঈদের আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে : দোকান মালিক সমিতি
আসন্ন ঈদুল আজহার আগ পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে। আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ দোকান মালিক সমিতি ৪ মে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের কাছে ঈদুল আজহার আগ পর্যন্ত সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টায় পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার আবেদন জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজ বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে অবহিত করেন, ১২ মে থেকে ঈদুল আজহা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে দোকান ও বিপণিবিতানে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।