এক লাখ টন ক্রুড নিয়ে কুতুবদিয়ায় ‘এমটি নিনেমিয়া’
সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছেছে। কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষ করে এদিন বিকেলেই ক্রুড লাইটারিং শুরু হওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৭ মে) ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে।
বুধবার (৬ মে) দুপুর সোয়া ১২টায় জাহাজটি কুতুবদিয়ায় নোঙর করে। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) বিকেলে ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত জাগো নিউজকে বলেন, ‘এমটি নিনেমিয়া’ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জলসীমার ১৬০ নটিক্যাল মাইল দূরে ছিল। জাহাজটি বুধবার কুতুবদিয়ায় নোঙর করবে। আগে থেকেই লাইটারিংয়ের দুটি জাহাজ কুতুবদিয়া চলে যাবে। অফিসিয়াল আনুষ্ঠানিকতা শেষে বুধবার থেকেই লাইটারিং করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি ৭ মে আমাদের প্ল্যান্ট শুরু করা যাবে।’
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আমদানি
- জ্বালানি তেল