বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রথম পরীক্ষা: পদ্মা চুক্তির নবায়ন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান গত ৭ থেকে ৯ এপ্রিল ভারত সফর করেছেন। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এটি ছিল কোনো মন্ত্রীর প্রথম উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় সফর। এই সফরে পদ্মা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রসঙ্গটি সামনে আসে। ১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি পদ্মা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তির মেয়াদ ২০২৬ সালের ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। তাই এই সফরকালে চুক্তিটির নবায়ন করার বিষয় আলোচনার প্রধান অ্যাজেন্ডাগুলোর মধ্যে অন্যতম ছিল।
পররাষ্ট্রমন্ত্রী এই সফর শেষে একটি সাক্ষাৎকারে পদ্মার পানিবণ্টন চুক্তিকে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রথম পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, বাংলাদেশের কৃষি, জীবিকা ও খাদ্যনিরাপত্তা পদ্মার পানির ওপর নির্ভরশীল এবং একটি ন্যায্য ও জলবায়ু-সহনশীল চুক্তি আমাদের জন্য অত্যন্ত জরুরি। দিল্লির বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে পদ্মা পানিবণ্টন চুক্তি ছাড়াও ভিসা সার্ভিস স্বাভাবিক করা, জ্বালানি সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্য সহজীকরণ নিয়ে আলোচনা হয়েছে।