এটা তো অন্তহীন প্রতারণা: প্রধানমন্ত্রীর উদ্দেশে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ৭০ শতাংশ ভোটার জুলাই সনদে বিএনপির দেওয়া নোট অব ডিসেন্টকে (ভিন্নমত) খারিজ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেছেন, ‘শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবও নিশ্চয়ই হ্যাঁ-তে ভোট দিয়েছেন, যেহেতু তিনি হ্যাঁ ভোট দিতে বলেছেন। আজকে সংসদে দাঁড়িয়ে নিজের ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি অমান্য করবেন? এটা তো অন্তহীন প্রতারণা।’
সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে ক্ষমতাসীন দল বিএনপির প্রতি আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, ‘সংকট তৈরি করেছে বিএনপি সরকার, সরকারকেই এ সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, এখন আপনাকেই শট দিতে হবে। আপনি যদি সময়মতো শট না নেন, যদি ভুল পাস করেন, তো রং পাস করলে ব্যাক পাস হয়ে বল আপনার ঘরে ঢুকে যেতে পারে।’
আজ রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত দিনব্যাপী জাতীয় কনভেনশনের সমাপনী পর্বে আলোচনায় অংশ নিয়ে মিয়া গোলাম পরওয়ার এ কথাগুলো বলেন। ‘জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোটবিষয়ক জাতীয় কনভেনশন’ শীর্ষক এই আয়োজনের সমাপনী পর্বে আলোচনার বিষয় ছিল ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট’।